অপরাধ
রামপুরায় পুলিশের চেকপোস্টে ১ হাজার ৩৯ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
রাজধানীর রামপুরায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় পালানোর চেষ্টা করে দুইজন আটক হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ১ হাজার ৩৯ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে রামপুরার ডিআইটি রোডে বেটার লাইফ হাসপাতালের সামনে ওয়াপদা রোড ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশের সদস্যরা। এ সময় রামপুরা ব্রিজ থেকে মালিবাগের দিকে যাওয়ার পথে একটি সাদা-কালো রঙের টিভিএস অ্যাপাচি ৪ভি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। কাগজপত্র যাচাইয়ের জন্য মোটরসাইকেলটি থামাতে বললে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি দুই পুলিশ সদস্যকে ধাক্কা দেন। পরে এক পুলিশ সদস্য মোটরসাইকেলটি ধরে থামাতে সক্ষম হন।
এরপর মোটরসাইকেলের চালক মানিক (৩০) ও আরোহী আলী (২৯) সেটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করলে তারা সঙ্গে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ সদস্যরা তাদের আটক করেন।
পুলিশ জানায়, আটকের পর তাদের সঙ্গে থাকা একটি কালো ব্যাগ খুলে দেখাতে বলা হয়। তবে প্রথমে তারা ব্যাগটি খুলতে রাজি হননি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি খুলে তল্লাশি করা হয়।
এ সময় ব্যাগের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২১টি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলোতে সোনালি রঙের ফয়েল পেপারে মোড়ানো ছোট ছোট পুরিয়া ছিল। এর মধ্যে ২০টি প্যাকেটে ৫১টি করে এবং অন্য একটি প্যাকেটে ১৯টি পুরিয়া পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১ হাজার ৩৯ পুরিয়া হেরোইন সদৃশ মাদক।
আটক মানিকের বাড়ি রাজধানীর উত্তর মুগদার মসজিদ গলি এলাকায়। তার বাবার নাম খাদেম এবং মায়ের নাম ফাতেমা বেগম। অপর আটক আলী উত্তর মুগদার ঝিলপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু বক্কর ছিদ্দিক এবং মায়ের নাম জুলেখা বেগম।
পরে রামপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক দুই ব্যক্তি, উদ্ধার করা মাদক এবং মোটরসাইকেল থানার উপপরিদর্শক আব্দুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।