রাজধানী
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, ককটেলে আহত পুলিশ সদস্য
রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির চালকের আসনে থাকা পুলিশ সদস্য আহত হন।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব ৮৩’ নামে দায়িত্বে থাকা টহল গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন।
এতে বিস্ফোরণ ঘটলে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।