সারাবিশ্ব
আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন নীতি এবং বিশেষ করে ইরানে সামরিক অভিযান নিয়ে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা যদি তাকে অভিশংসনের উদ্যোগ নেন, তাহলে দলটি নিজেরাই ধ্বংস হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ৩ নভেম্বর। পরদিন ৪ নভেম্বর প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষ সিনেটে বড় জয় পেয়েছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা।
নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার বিকেলে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় হোয়াইট হাউসের লনে নির্মাণাধীন নতুন প্রকল্প ‘বলরুম’ ঘুরে দেখান তিনি। প্রায় ২০ মিনিট ধরে প্রকল্পটি নিয়ে কথা বললেও আগের রাতে দেশজুড়ে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মতামত উপেক্ষা করেই ইরানে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর অভিবাসনবিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রেও বেশিরভাগ সময় বিরোধী দলের মতামত আমলে নেননি তিনি।
বুধবার সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা তাকে অভিশংসনের উদ্যোগ নিতে পারেন কি না এবং এ নিয়ে তিনি চিন্তিত কি না।
জবাবে ট্রাম্প বলেন, তিনি এ নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। বরং কোনো কারণ ছাড়াই অভিশংসনের উদ্যোগ নেওয়া হলে তাতে ডেমোক্রেটিক পার্টিই ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, ‘তারা যদি এমনটা করে, অর্থাৎ কোনো কারণ ছাড়াই অভিশংসন আনে, তবে তা ডেমোক্রেটিক পার্টিকেই ধ্বংস করে দেবে। কিসের জন্য? একটি সফল দেশ গড়ার জন্য? আমাদের দেশ এখন তার ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল।’
নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প দাবি করেন, তিনি নিজে নির্বাচনে প্রার্থী হলে জয়ী হতেন। তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় সমর্থকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছেন। তবে সেই সমর্থন দলীয় প্রার্থীদের পক্ষে কাজে লাগানো সম্ভব হয়নি।
এর আগে মঙ্গলবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডেমোক্রেটিক পার্টিকে অভিনন্দন জানান ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘ডেমোক্র্যাটদের অভিনন্দন। তারা ভালো কাজ করেছে। ১১ বছর ধরে তারা এই জয়ের অপেক্ষায় ছিল, অবশেষে তারা তা পেয়েছে। ডেমোক্র্যাটরা ভালো করেছে।’