রাজধানী

ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদারে সাঁজোয়া যান ও দাঙ্গা নিয়ন্ত্রণের বিশেষ যান মোতায়েন রাখা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনের সময় সদস্যরা শরীরে সংযুক্ত ক্যামেরা ও বিশেষ ক্যামেরা ব্যবহার করছেন। বিজিবি সদর দপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন। সংশ্লিষ্ট এলাকাগুলোর সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।