রাজধানী
সংসদ অধিবেশন ঘিরে কঠোর নিরাপত্তা, শেরেবাংলা নগরে সভা-সমাবেশ ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে শেরেবাংলা নগরসহ নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও ক্ষতিকারক পদার্থ বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অধিবেশনকে কেন্দ্র করে শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় ডিএমপি কমিশনারকে দেওয়া ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় নির্ধারিত এলাকাগুলোতে কেউ কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক বা জননিরাপত্তার জন্য ক্ষতিকর পদার্থ বহন করতে পারবেন না। পাশাপাশি যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচিও বন্ধ থাকবে।
ডিএমপির নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার সীমানার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকাও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭ নম্বর) সড়কের সংযোগস্থল এবং রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকায়ও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় আরও রয়েছে ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিপথ।
সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিএমপি এ বিধিনিষেধ আরোপ করেছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে চলাচল ও অবস্থানের ক্ষেত্রে নাগরিকদের পুলিশের জারি করা নির্দেশনা মেনে চলতে হবে।