সারাদেশ
স্ত্রী পরিচয় অস্বীকার রনির, পাল্টা জবাবে বিয়ের কাবিননামা প্রকাশ ফারজানার
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া ফারজানা আফরোজকে স্ত্রী হিসেবে অস্বীকার করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। অন্যদিকে, রনির বক্তব্যের পাল্টা জবাব দিতে তাদের বিয়ের কাবিননামা প্রকাশ করেছেন ফারজানা। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার ৫ নভেম্বর সন্ধ্যায় নিজের যাচাইকৃত ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’
এর আগে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির এক যুগ্ম আহ্বায়কও বিষয়টি নিশ্চিত করেন।
রনির বক্তব্যের পর বৃহস্পতিবার রাতেই একটি গণমাধ্যমের কাছে বিয়ের কাবিননামা প্রকাশ করেন ফারজানা। তার দাবি, ২০২২ সালের ১৩ মে চট্টগ্রামে সবার উপস্থিতিতে তাদের বিয়ে হয়।
ফারজানা বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬ থেকে ৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলে, এগুলোর সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’
তিনি আরও বলেন, ‘আসলে আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’
তবে প্রকাশিত কাবিননামাটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে গোলাম মাওলা রনির সঙ্গে একাধিকবার ফোন ও বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।