জাতীয়

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
ছবি: সংগৃহীত

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার ৫ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোয়েসেল জানায়, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি কোম্পানিতে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে এসব কর্মী নেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন ঠিকানায় আবেদন করা যাবে। আবেদন করতে হবে https://employee.oep.gov.bd/employee/registration ঠিকানায়।

নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। তাই এ নিয়োগের নামে যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।