জাতীয়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান।
শুক্রবার ৬ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৫ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে পারমাণবিক জ্বালানির চালানটি রূপপুরে নেওয়া হয়। ঢাকা থেকে পাবনা পর্যন্ত বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন। গাড়িবহরটি নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছাতে সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে সেসব জ্বালানি রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়। চলতি বছরের মধ্যেই রাশিয়া থেকে আরও কয়েকটি জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট গত অক্টোবরে পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। প্রকল্পসংশ্লিষ্টদের আশা, সবকিছু স্বাভাবিকভাবে এগোলে স্বল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।