সারাদেশ

হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম

হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। বিশেষ কৌশলে পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে গত দুই দিনে এসব তেল চুরি করে একটি সংঘবদ্ধ চক্র। পরে চুরি করা কনডেনসেট মাটির নিচে তৈরি গোপন ট্যাংকে মজুত করা হতো।

বৃহস্পতিবার ৫ নভেম্বর সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ি সংলগ্ন স্থানে তেল চুরির ঘটনা শনাক্ত করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। এ সময় পাইপলাইনের কাছে পাঁচ থেকে ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান তারা।

নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পরে অনুসন্ধানে পাইপলাইন ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার বিষয়টি ধরা পড়ে।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া বলেন, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক সামসু উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তেল চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ এবং দুটি বলভালভসহ অন্যান্য উপকরণ।

দুলাল মিয়া জানান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার বাড়িতে মাটির নিচে তেল সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধান পাওয়া গেছে।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মনিরুল ইসলাম বলেন, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ অপকর্মের সঙ্গে জড়িত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন বলেন, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে। চুরি হওয়া তেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।

প্রতিষ্ঠানটির উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের সাহায্যে কৌশলে তেল বের করে বিভিন্ন স্থানে পাচার করা হতো। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। উপপরিদর্শক সামসু উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।