সারাবিশ্ব

সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
ছবি: সংগৃহীত

যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক কর্মসূচিবিষয়ক প্রস্তাব পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাব নিয়ে আলোচনায় বসার আগে ওয়াশিংটনকে সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে তেহরান।

ইরানের স্পষ্ট অবস্থান, শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেও বসবে না।

বৃহস্পতিবার ৫ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।

যুদ্ধের অবসান ঘটাতে সাম্প্রতিক সময়ে মধ্যস্থতাকারীরা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর আবারও সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়া ইরানে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনাও নাকচ করা হয়নি। অন্যদিকে, যুদ্ধ আবার শুরু হলে আরও বড় পরিসরে পাল্টা হামলার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান।

এরই মধ্যে বৃহস্পতিবার রাশিয়া সফরকালে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি বলেন, ‘কূটনীতির বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত জানিয়েছি। তারা আমাদের সাতটি শর্ত পূরণ না করা পর্যন্ত আমরা হরমুজ প্রণালি খুলব না, আলোচনাতেও বসব না।’

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেওয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত থাকতে হবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব স্থানে ব্যাপক পাল্টা হামলা চালায় ইরান।

এরপর লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যেও সংঘাত শুরু হয়। পরবর্তী সময়ে সংঘাত ছড়িয়ে পড়ে ইয়েমেনেও। সেখান থেকে ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা, বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালিয়েছে।