সারাদেশ
চাঁদপুরে দিনদুপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভের বেদির নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার ১২ নভেম্বর দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভ এলাকা পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ বলেন, জুলাইকে ধারণ করে তারা নতুন একটি স্বাধীনতা পেয়েছেন। সেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিবাদের দোসররা আগুন দিয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, দুর্বৃত্তরা হঠাৎ করে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।