সারাবিশ্ব

নিউইয়র্কে দোতলা বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

নিউইয়র্কে দোতলা বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি দোতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। আহতদের মধ্যে তিনজন দমকলকর্মী ও দুজন পুলিশ সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার ৫ নভেম্বর ভোরে সানসেট পার্ক এলাকার ওই বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে দুই শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছান। আগুন বাড়িটির প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। পরে দমকলকর্মীরা পেছনের দরজা দিয়ে প্রবেশ করে জানালার শিকের পেছনে আটকে পড়া দুজনসহ চারজনকে উদ্ধার করেন।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এ ঘটনায় পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আটজন প্রতিবেশী ঘরছাড়া হয়েছেন। আহত নয়জনের সবাই প্রাণে বেঁচে যাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি পাওয়া গেছে। তবে আগুন লাগার সঙ্গে ব্যাটারিটির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সূত্র: এনবিসি নিউজ