সারাবিশ্ব
তারেক রহমানের নাম লিখেও এক্সের অনুবাদে আসে শেখ হাসিনা, বিব্রত জাপানি মন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছিলেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। তবে প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদে তারেক রহমানের পরিবর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার ৬ নভেম্বর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন জাপানি মন্ত্রী। তিনি জানান, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ত্রুটির কারণেই এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। অথচ জাপানি ভাষায় দেওয়া তার মূল পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম সঠিকভাবেই উল্লেখ ছিল।
গত ২৮ অক্টোবর জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন রিওসেই আকাজাওয়া। ওই বৈঠকের ছবি সংযুক্ত করে নিজের যাচাইকৃত এক্স অ্যাকাউন্টে জাপানি ভাষায় একটি পোস্ট দেন তিনি। কিন্তু পোস্টটির স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে তারেক রহমানের নামের জায়গায় শেখ হাসিনার নাম দেখানো হয়।
আকাজাওয়া জানান, মূল জাপানি পোস্টে সঠিক নাম উল্লেখ করা হলেও স্বয়ংক্রিয় অনুবাদে তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ব্যক্তির নামের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এক্সের অনুবাদ ব্যবস্থায় নির্ভরযোগ্যভাবে উপস্থাপিত হচ্ছে না উল্লেখ করে এ বিষয়ে প্ল্যাটফর্মটির মৌলিক পর্যালোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনেও বিষয়টি তুলে ধরেন জাপানের এই মন্ত্রী। তিনি জানান, এর আগে কুয়েতের এক মন্ত্রীর সঙ্গে অনলাইনে বৈঠকের বিষয়ে দেওয়া পোস্টেও একই ধরনের ভুল হয়েছিল। বিষয়টিকে গুরুতর উল্লেখ করে তিনি বলেন, এমন ভুলের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে ধারণা তৈরি হতে পারে যে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী তাদের প্রধানমন্ত্রী কে, তা জানেন না।
আকাজাওয়া বলেন, এ নিয়ে তিনবার একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। এ সময় এক্স কর্তৃপক্ষকে স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ত্রুটি সংশোধনের আহ্বান জানান।
এদিকে জাপানি ভাষায় দেওয়া মূল পোস্টটি গুগল ট্রান্সলেট, চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের মাধ্যমে অনুবাদ করে দেখা গেছে, সেখানেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নামই উল্লেখ রয়েছে।