স্বাস্থ্য

হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়া তেল: বিএফএসএ চেয়ারম্যান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়া তেল: বিএফএসএ চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

হার্টের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর উপাদানগুলোর একটি হলো বারবার ব্যবহৃত পোড়া রান্নার তেল। মানবস্বাস্থ্য সুরক্ষা এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁসহ সব ধরনের খাদ্য ব্যবসায়ীদের পোড়া তেলের ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

বুধবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএফএসএর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

শফিকুল ইসলাম বলেন, মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে মস্তিষ্ক ও হৃদযন্ত্র অন্যতম। শরীরের অভ্যন্তরীণ এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বারবার ব্যবহৃত পোড়া রান্নার তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। হৃদস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদানের মধ্যে পোড়া তেল অন্যতম। তাই সুস্থ থাকতে ব্যক্তি পর্যায়ে রান্নার কাজে এবং খাদ্য ব্যবসায়ীদের বাণিজ্যিকভাবে পোড়া তেলের ব্যবহার পরিহার করা জরুরি।

খাদ্য ব্যবসায়ীদের উদ্দেশে বিএফএসএ চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা যদি পোড়া তেলের পরিবর্তে প্রতিবার তাজা ও নিরাপদ তেল ব্যবহার করে খাবার তৈরি করেন, তাহলে প্রয়োজনে খাবারের দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা তা গ্রহণ করবেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো ব্যবসায়ী যদি পোড়া তেলে সিঙ্গাড়া না ভেজে নতুন তেলে ভেজে কিছুটা বেশি দামে বিক্রি করেন, তবুও ক্রেতারা মানসম্মত ও স্বাস্থ্যকর খাবারকেই প্রাধান্য দেবেন। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্রেতাদের মধ্যে নিরাপদ ও সতেজ তেলে তৈরি খাবারের প্রতি আস্থা তৈরি করতে হবে।

ব্যবহৃত রান্নার তেলের সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পোড়া তেল বিভিন্নভাবে ফেলে দেওয়া বা নিষ্কাশন করা হয়। তবে এর সবচেয়ে টেকসই ব্যবস্থাপনা হতে পারে বায়োটেক এনার্জির মতো প্রতিষ্ঠানের মাধ্যমে পুনঃপ্রক্রিয়াজাতকরণ। এতে একদিকে ব্যবহৃত তেলের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত হবে, অন্যদিকে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি পরিবেশদূষণও কমানো সম্ভব হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও যুগ্মসচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ সোয়েব। তাঁর প্রবন্ধে বারবার রান্নার তেল ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর উপাদান, ব্যবহৃত ভোজ্যতেলের স্বাস্থ্যঝুঁকি, মানবদেহে ভোজ্যতেলের প্রয়োজনীয়তা, ট্রান্সফ্যাটি অ্যাসিডের প্রভাব এবং ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করা হয়।

মূল প্রবন্ধে বলা হয়, ভোজ্যতেল বারবার উচ্চ তাপমাত্রায় ব্যবহার করলে এর রাসায়নিক গুণাগুণ পরিবর্তিত হয় এবং এতে বিভিন্ন ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে। এ ধরনের ব্যবহৃত তেল গ্রহণের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি এবং ক্যানসারের ঝুঁকির সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রান্নার তেলের সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা। তাঁরা পোড়া তেল বারবার ব্যবহারের পরিবর্তে তা পরিবেশবান্ধব উপায়ে বায়োডিজেলে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, ব্যবহৃত রান্নার তেল পুনঃপ্রক্রিয়াজাত করে বায়োডিজেল উৎপাদন করা গেলে একদিকে মানবস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত থাকবে, অন্যদিকে গাড়ি ও বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জ্বালানি হিসেবেও তা ব্যবহার করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বায়োটেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের অন্তত তিন হাজার খাদ্যপ্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ১০০ টনের বেশি ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রতি মাসে এক হাজার টন ব্যবহৃত তেল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাভারে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় সংগৃহীত এসব ব্যবহৃত তেল প্রক্রিয়াজাত করে বায়োডিজেল উৎপাদন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যবহৃত ভোজ্যতেল যত্রতত্র ফেলে দেওয়া হলে তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। মাত্র এক লিটার ব্যবহৃত রান্নার তেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে। তাই ব্যবহৃত তেল নালা, খাল, নদী কিংবা জলাশয়ে না ফেলে নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত করা প্রয়োজন।

সেমিনারে বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারি সংস্থার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সাধারণ ভোক্তা, খাদ্য উৎপাদনকারী, হোটেল-রেস্তোরাঁর মালিক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে পোড়া তেলের ব্যবহার বন্ধ, ব্যবহৃত তেলের নিরাপদ সংগ্রহ এবং বায়োডিজেলের মতো পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবেশদূষণ কমানো সম্ভব।

সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জি লিমিটেডের প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।