স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬ জন
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত ও উপসর্গ থাকা আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬ জন রোগী।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্যবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৫১ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে।

বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১০৪ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৫৯ জন, ময়মনসিংহে ৪২ জন, রংপুরে ৩০ জন এবং রাজশাহীতে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৪৪৮ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৩২৮ জনের।