সারাবিশ্ব
যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে প্লাস্টিকের কুমড়ায় মাথা আটকে থাকা হরিণ উদ্ধার
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মাথায় প্লাস্টিকের তৈরি হ্যালোইনের কুমড়ার পাত্র আটকে থাকা একটি হরিণকে ১০ দিন পর উদ্ধার করেছেন প্রাণী উদ্ধারকর্মীরা। উজ্জ্বল কমলা রঙের ওই পাত্রে হরিণটির নাক ও মুখ পুরোপুরি ঢেকে যাওয়ায় দীর্ঘ সময় ধরে স্বাভাবিকভাবে খাবার খাওয়া ও পানি পান করা সম্ভব হচ্ছিল না। অবশেষে দীর্ঘ অনুসন্ধান ও দুর্গম এলাকায় ঝুঁকিপূর্ণ অভিযানের পর হরিণটিকে নিরাপদে মুক্ত করা হয়।
হরিণটি উদ্ধারে কাজ করছিল মিশিগানের রোমিও শহরভিত্তিক অলাভজনক সংস্থা ডেট্রয়েট অ্যানিমেল ওয়েলফেয়ার গ্রুপ। প্রথমবার লিভোনিয়া এলাকায় হরিণটিকে মাথায় প্লাস্টিকের কুমড়ার পাত্র আটকে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে সহায়তার জন্য সংস্থাটির সঙ্গে যোগাযোগ করেন। এরপর থেকেই হরিণটির অবস্থান শনাক্ত করতে শুরু হয় ব্যাপক অনুসন্ধান।
রবিবার রাতে ওয়েন কাউন্টির হাইনস পার্কে অবশেষে হরিণটির সন্ধান পান উদ্ধারকর্মীরা। প্রায় ২ হাজার ৩০০ একর আয়তনের বিশাল এই পার্কে ঘন জঙ্গল, ঝোপঝাড় ও কাদামাখা খাড়া ঢাল পেরিয়ে হরিণটির পিছু নিতে হয় তাদের। প্রতিকূল পরিবেশের কারণে অভিযানটি বেশ কঠিন হয়ে ওঠে। হরিণটির কাছে পৌঁছাতে উদ্ধারকারী দলকে হিমশীতল পানির মধ্যে দিয়ে প্রায় ২০ ফুট চওড়া একটি নদী চারবার পার হতে হয়।
দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর একপর্যায়ে অন্ধকার নেমে আসায় উদ্ধারকর্মীরা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে হরিণটিকে আবারও দেখতে পাওয়ার খবর আসে। সুযোগটি কাজে লাগিয়ে দ্রুত তার কাছে পৌঁছান উদ্ধারকারীরা। পরে নিরাপত্তার স্বার্থে ট্রাঙ্কুলাইজার বা চেতনানাশক প্রয়োগ করে হরিণটিকে অচেতন করা সম্ভব হয়। এরপর সতর্কতার সঙ্গে তার মাথা থেকে প্লাস্টিকের কুমড়ার পাত্রটি খুলে ফেলা হয়।
উদ্ধারের পর দেখা যায়, দীর্ঘ ১০ দিন ঠিকমতো খাবার ও পানি পান করতে না পারায় অল্পবয়সী পুরুষ হরিণটি কিছুটা পানিশূন্যতায় ভুগছিল। এ কারণে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল না। চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে প্রাণীটি।
ডেট্রয়েট অ্যানিমেল ওয়েলফেয়ার গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, চিকিৎসা শেষে হরিণটি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। চেতনানাশকের প্রভাব কেটে যাওয়ার পর সে নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হয় এবং আবারও বনের দিকে ফিরে যায়।
উদ্ধারকারী দলের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মুক্ত হওয়ার পর হরিণটি কিছুক্ষণ থেমে নিজের শরীর পরিষ্কার করে। একপর্যায়ে পেছন ফিরে উদ্ধারকারীদের দিকে তাকায়। মুহূর্তটি উদ্ধারকর্মীদের কাছে ছিল আবেগঘন ও আনন্দের। তাদের মতে, হরিণটির ওই ফিরে তাকানো যেন দীর্ঘ প্রচেষ্টার জন্য এক নীরব কৃতজ্ঞতা প্রকাশ।
টানা ১০ দিনের অনুসন্ধান, তীব্র ঠান্ডা, কাদামাখা পথ এবং দুর্গম পরিবেশের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হরিণটিকে বাঁচাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা। একই সঙ্গে পুরো উদ্ধার অভিযানে সহযোগিতা করা স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।