সারাবিশ্ব
রাশিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, যাত্রী-ক্রুসহ নিহত ১৯
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ১৯ জনের সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ (An-12) মডেলের সামরিক পরিবহন বিমান।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের কেউই বেঁচে নেই।
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসকে জানান, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।
বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি বিশেষ তদন্ত দল এবং বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ করছে। দুর্ঘটনার আগে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এর ফলে বিমানের নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে।
রুশ সংবাদমাধ্যম বাজা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জ্বালানি লিকেজ, ইঞ্জিনে অগ্নিকাণ্ড এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়ার মতো একাধিক যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ। ভিডিওতে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে দ্রুত নিচের দিকে পড়ে যেতে দেখা যায়। কয়েক মুহূর্ত পর বিকট বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দুর্ঘটনাস্থল ক্যামেরা থেকে অনেক দূরে হওয়ায় পুরো ঘটনাটি স্পষ্টভাবে দৃশ্যমান হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। পাশাপাশি রয়টার্স দুর্ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে জানিয়েছে, ভিডিওতে দেখা এলাকার সঙ্গে ওই অঞ্চলের স্যাটেলাইট চিত্রের মিল রয়েছে।
দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো সামরিক সরঞ্জাম, অস্ত্র কিংবা অন্যান্য পণ্য পরিবহন করা হচ্ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আন্তোনভ এএন-১২ সিরিজের বিমান রাশিয়ার সামরিক পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে এসব বিমান অস্ত্র, সামরিক সরঞ্জাম ও সেনাসদস্য পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে। এ ছাড়া অনুসন্ধান ও উদ্ধার অভিযানসহ বিভিন্ন সামরিক কার্যক্রমেও বিমানটির ব্যবহার রয়েছে। ফলে কেমেরোভোর এই দুর্ঘটনা রুশ সামরিক পরিবহন বহরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।