জাতীয়
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আইজিপি, সঙ্গে এসআরবি ও বিজিবির ডিজি
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সেখানে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান। তাদের সঙ্গে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইজিপি ও দুই বাহিনীর মহাপরিচালক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। এ সময় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত থানাগুলোও ঘুরে দেখবেন তারা। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
এদিকে, গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাতভর বৃষ্টির কারণে সকাল পর্যন্ত কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল কিংবা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে ওষুধ ও খাবারের দোকান ছাড়া শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
শহরের সড়কগুলোতে রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্যান্য যানবাহন চলতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতার প্রভাবে শহরে সাধারণ মানুষের উপস্থিতিও কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ফলে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা রয়েছে।