সারাবিশ্ব

হুতিদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

হুতিদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি প্রজেক্টাইল সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে আঘাত হেনেছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত ৮০ তলা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে এ হামলা হয়। এতে ভবনটির সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত ভবনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ভবনটির কয়েকটি তলা ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে সৌদি আরব।

হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে আর্থিক কেন্দ্রের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয়। ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়। জরুরি উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেন, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হুতিদের এমন কর্মকাণ্ড বেসামরিক অবকাঠামোর জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

রিয়াদের আর্থিক কেন্দ্রে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় স্থাপনায় হামলার ঘটনা। এর আগে গত ৮ নভেম্বর সৌদি আরামকোর একটি ভবনে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায়ও স্থাপনাটির ক্ষয়ক্ষতি হয়।

সূত্র: গালফ নিউজ