জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার ও ব্যানার লাগানো কিংবা আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করবে না বিএনপি। গত কয়েক বছর ধরেই এ সিদ্ধান্ত অনুসরণ করছেন দলটির নেতাকর্মীরা।
এবারের জন্মদিন তারেক রহমানের জীবনে বিশেষ তাৎপর্য বহন করছে। দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দলীয় রাজনীতির নেতৃত্ব দেওয়ার পর এখন তিনি দেশের সরকারপ্রধান। ফলে বয়সের আরেকটি মাইলফলকের পাশাপাশি তার রাজনৈতিক জীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমানের রাজনৈতিক পথচলা। পারিবারিক পরিচয় তাকে রাজনীতিতে পরিচিতি দিলেও বিভিন্ন সময়ে নিজের অবস্থান ও নেতৃত্বের সক্ষমতা প্রমাণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে তাকে।
দীর্ঘ প্রতিকূলতা, রাজনৈতিক বিতর্ক ও অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়েছে তার রাজনৈতিক জীবন। বিএনপির নেতাকর্মীদের কাছে তার দেশে প্রত্যাবর্তন ও নেতৃত্ব নতুন আশার সঞ্চার করেছে। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের প্রত্যাশাকে বাস্তব সাফল্যে রূপ দেওয়া।
একজন রাজনৈতিক উত্তরসূরি থেকে নির্বাচিত সরকারপ্রধান হয়ে ওঠার এই যাত্রাই এবারের জন্মদিনকে দিয়েছে ভিন্ন মাত্রা।
প্রবাসজীবনে দেশে ফেরা, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়গুলো তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাবও সামনে আনেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ তৈরি হয়। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
দেশে ফেরার পর সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তারেক রহমান। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন তিনি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন তিনি। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।
কারাবাস, দীর্ঘ প্রবাসজীবন, দলের নেতৃত্ব এবং নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের রাজনৈতিক জীবনে এসেছে বড় পরিবর্তন। বিরোধী দলের নেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এবার নতুন এক অধ্যায়ে তার জন্মদিন উদ্যাপিত হচ্ছে।