খেলা

ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন, কে এই ব্রাজিলিয়ান নারী ফুটবলার?


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন, কে এই ব্রাজিলিয়ান নারী ফুটবলার?
ছবি: সংগৃহীত

ব্রাজিলের জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলেছেন। প্রতিনিধিত্ব করেছেন ইউরোপের দুই নামী ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের। এরপর পেশাদার ফুটবলের নতুন ঠিকানা হয়েছে সৌদি আরব। তবে ক্যারিয়ারের এসব অর্জন ছাপিয়ে এবার ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান নারী ফুটবলার কাতেলেন সুজা। ইসলাম গ্রহণের পর মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন এই ডিফেন্ডার। তার জীবনের নতুন এই অধ্যায় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

কিন্তু কে এই কাতেলেন সুজা? কীভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন তিনি?

ফুটবলে পথচলা ও ক্যারিয়ার

১৯৯৬ সালের ২৬ এপ্রিল ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্মগ্রহণ করেন কাতেলেন সুজা ফেইতোজা।

শৈশবে সান্তোসের বয়সভিত্তিক দলে ফুটবল খেলতেন তিনি। তবে ব্রাজিলে নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ না থাকায় মাত্র ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মনরো কলেজ, ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল চালিয়ে যান।

কাতেলেনের পারিবারিক জীবন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। তবে তার ভাষ্য অনুযায়ী, ক্যাথলিক পরিবারে বেড়ে উঠেছেন তিনি। ছোটবেলায় নিয়মিত গির্জায় যেতেন এবং সেখানকার বিভিন্ন কাজেও যুক্ত ছিলেন।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে ফ্রান্সের ক্লাব বোর্দোর হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন কাতেলেন। এরপর খেলেছেন ইতালির ইন্টার মিলানে। ২০২২ সালে যোগ দেন স্পেনের অন্যতম শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদে।

২০২৪ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের আল নাসরে যোগ দেন এই ডিফেন্ডার। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও ক্লাব এটি। তবে ২০২৫ সালের জুলাইয়ে আল নাসর ছেড়ে সৌদি আরেক ক্লাব আল হিলালে নাম লেখান তিনি।

ব্রাজিল জাতীয় দলের হয়েও রয়েছে কাতেলেনের উল্লেখযোগ্য অভিজ্ঞতা। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯ ও ২০২৩ সালের নারী বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। এ ছাড়া ২০২২ সালে কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন এই ডিফেন্ডার।

যেভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন কাতেলেন

ইসলামের প্রতি কাতেলেনের আকৃষ্ট হওয়ার গল্পটিও বেশ আলোচিত। ফ্ল্যাশস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় যাত্রার বিস্তারিত তুলে ধরেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার জন্ম ক্যাথলিক পরিবারে। আমাকে ব্যাপটাইজড করা হয়েছিল। ছোটবেলায় গির্জায় যেতাম এবং সেখানকার বিভিন্ন কাজেও যুক্ত ছিলাম। ধর্মের প্রতি আমার গভীর বিশ্বাস ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদে থাকার শেষ বছরে আধ্যাত্মিকভাবে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম। তখন কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করতাম না। সব ধরনের ধর্ম সম্পর্কে জানতে, পড়তে ও আলোচনা করতে ভালো লাগত।’

সৌদি আরবে যাওয়ার পর মুসলিম সতীর্থদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা শুরু হয় কাতেলেনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা কখনো আমার ওপর কোনো কিছু চাপিয়ে দেয়নি। গত বছর সৌদি আরবে আমার প্রথম রমজানে মুসলিম না হয়েও রোজা রেখেছিলাম। বিষয়টি আমার কাছে দারুণ লেগেছিল। এরপর কুরআন পড়েছি এবং তাদের সঙ্গে আরও বেশি আলোচনা করেছি।’

বড়দিনের ছুটিতে পরিবারের কাছে গিয়ে বাবার সঙ্গেও ধর্ম নিয়ে আলোচনা করেন কাতেলেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘গত এক বছরে ধর্ম সম্পর্কে যা শিখেছি, সেসব বাবাকে বলেছিলাম। বাবা আমার দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি আধ্যাত্মিকভাবে অনেক পরিণত, উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠেছ। সৌদি আরবে ফিরে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে এসেছিলাম যে, যে ধর্ম সম্পর্কে জানছি ও শিখছি, সেটি আমাকে আরও ভালো মানুষ করে তুলছে। তাই ইসলাম গ্রহণ করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন কাতেলেন। আল নাসর নারী দলের সতীর্থরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর মক্কায় গিয়ে পবিত্র মসজিদুল হারামে ওমরাহ পালন করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা জানিয়ে কাতেলেন লিখেছিলেন, ‘ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তনের চেষ্টা এবং জীবনের উপহারগুলোর জন্য কৃতজ্ঞতা।’

এরপর ২০২৬ সালের ১৯ নভেম্বর আবারও মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ব্রাজিলের এই ডিফেন্ডার। ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি জীবনের নতুন এই পথচলাও এগিয়ে নিচ্ছেন কাতেলেন সুজা।