খেলা
জিটিএ-৬ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা, গেম খেলতে ছুটি নিচ্ছেন অনেকে
দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র (জিটিএ) নতুন সংস্করণ জিটিএ-৬। নতুন এই গেম ঘিরে বিশ্বজুড়ে গেমারদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। গেমটি খেলার জন্য অনেকেই কর্মস্থল থেকে ছুটিও নিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বব্যাপী প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলের জন্য গেমটি উন্মুক্ত করেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।
২০১৩ সালে মুক্তি পেয়েছিল জিটিএ সিরিজের পঞ্চম সংস্করণ জিটিএ-৫। এরপর থেকেই পরবর্তী সংস্করণের অপেক্ষায় ছিলেন বিশ্বজুড়ে গেমাররা। দীর্ঘ সময় ধরে নানা আলোচনা ও প্রত্যাশার পর নতুন গেমটি প্রকাশের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটল।
জিটিএ-৬-এর গল্প আবর্তিত হয়েছে দুই চরিত্র জেসন ডুভাল ও লুসিয়া কামিনোসকে ঘিরে। অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়া এই যুগলের নানা কর্মকাণ্ড নিয়েই এগিয়ে যাবে গেমটির কাহিনি। এর পটভূমি হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডাকে। অঙ্গরাজ্যটির প্রধান শহর ভাইস সিটি তৈরি করা হয়েছে বাস্তবের মায়ামি শহরের আদলে।
নতুন সংস্করণে আগের তুলনায় শহরের অবকাঠামো, চরিত্র এবং চারপাশের পরিবেশ আরও বাস্তবসম্মতভাবে তুলে ধরার চেষ্টা করেছে রকস্টার। গেমটিতে রয়েছে মোট ছয়টি অঞ্চল। এগুলো হলো ভাইস সিটি, লিওনিডা কি, গ্রাসরিভার্স, পোর্ট গেলহর্ন, অ্যামব্রোসিয়া ও মাউন্ট কালাগা।
এবারের সংস্করণে অন্যতম উল্লেখযোগ্য সংযোজন নারী চরিত্র লুসিয়া কামিনোস। জিটিএ সিরিজের মূল চরিত্র হিসেবে প্রথমবারের মতো কোনো নারী চরিত্র যুক্ত করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। খেলোয়াড়েরা লুসিয়ার পাশাপাশি জেসন ডুভালের চরিত্রেও খেলার সুযোগ পাবেন। দুই চরিত্রের কর্মকাণ্ড ও পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়েই এগিয়ে যাবে পুরো গল্প।
গেমটির মুক্তিকে ঘিরে ভিডিও গেম শিল্পেও বড় ধরনের বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিটিএ-৬-এর বিক্রি থেকে সনি ও এর গেমিং প্ল্যাটফর্ম প্লেস্টেশন উল্লেখযোগ্য পরিমাণ আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোল ব্যবহারকারীদের জন্য গেমটি উন্মুক্ত করা হয়েছে। তবে পিসি সংস্করণ কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি রকস্টার গেমস।