গণমাধ্যম

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএম

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যুক্ত হওয়ার আগে দেশের বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিকতা করেন খালিদী। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও গ্রহণ করেন তিনি।

সম্প্রচার, মুদ্রণ ও ডিজিটাল, সাংবাদিকতার এই তিন মাধ্যমেই অভিজ্ঞতা ছিল তার। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন তিনি।

সাংবাদিকতায় অবদানের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতেও স্বীকৃতি পেয়েছেন তৌফিক ইমরোজ খালিদী। ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তিনি। ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে তাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালিদী। ২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। ২০১৭ সালের এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটিকে ইন্টারনেটে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক সংবাদ প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়।

তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।