গণমাধ্যম

শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আবেদন যেভাবে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম

শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আবেদন যেভাবে
ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। তিনটি গ্রুপে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী ৯ জনের জন্য মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি বিজয়ীদের দেওয়া হবে ক্রেস্ট ও সনদপত্র।

রোববার ১৮ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পর্যায় থেকে প্রতিযোগিতা শুরু হবে। উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে অংশ নেবেন। জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে ১২ বছরের কম বয়সীরা তাজবিদসহ ১০ পারা, ‘খ’ গ্রুপে ১৫ বছরের কম বয়সীরা তাজবিদসহ ২০ পারা এবং ‘গ’ গ্রুপে ১৮ বছরের কম বয়সীরা পবিত্র কোরআনের পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে অংশ নিতে পারবেন।

জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপে প্রথম স্থান অর্জনকারী পাবেন ২ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ১ লাখ টাকা। এ ছাড়া বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট ও সনদপত্র।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদন জমা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে নাম নিবন্ধন করা যাবে। নভেম্বর মাসজুড়ে নিবন্ধন কার্যক্রম চলবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবেন।