গণমাধ্যম

নিবন্ধন পেল বাংলাপোস্ট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

নিবন্ধন পেল বাংলাপোস্ট
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি বাংলাপোস্ট ডটকম সরকারি নিবন্ধন পেয়েছে।

সোমবার (২০ জুলাই) তথ্য অধিদপ্তর পোর্টালটিকে নিবন্ধন সনদ দেয়।

জানা গেছে, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যাচাই-বাছাই শেষে নিবন্ধন প্রদানের সুপারিশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরে সরকার নির্ধারিত ফি পরিশোধের পর তথ্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ প্রদান করে।

নিবন্ধন পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বাংলাপোস্টের সম্পাদক মাসউদুল হক বলেন, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ একটি অর্জন। তিনি জানান, অল্প সময়ে পাঠকের আস্থা অর্জন করতে পারায় ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করার অনুপ্রেরণা মিলবে।

তিনি আরও বলেন, এই নিবন্ধন শুধু স্বীকৃতিই নয়, বরং বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির মাধ্যমে পাঠকের কাছে আরও মানসম্মত সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ডেইলি বাংলাপোস্ট ডটকম ২০২৪ সালের ২৭ এপ্রিল পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে। সংবাদ প্রকাশের পাশাপাশি ভিডিও, লাইভ কাভারেজ, আলোচনা অনুষ্ঠান এবং বিশেষ প্রতিবেদনের মাধ্যমে পোর্টালটি মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিজস্ব অবস্থান তৈরি করেছে। দেশ-বিদেশ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, বিনোদন ও শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির অর্থায়নে রয়েছে মেহনুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেহনুর প্রোপার্টিজ লিমিটেড (এমপিএল)।