গণমাধ্যম
প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় 'অগ্রযাত্রা প্রতিদিন' এর সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার
বগুড়ায় আলোচিত এক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন প্রকাশের ঘটনায় করা মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম (৪০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা এলাকার বোর্ড বাজার থেকে তাকে আটক করে। শুক্রবার (১৯ জুন) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ মামলা করা হয়। মামলাটি করেন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দি নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন।
গত ১৫ জুন দায়ের করা মামলায় পত্রিকার সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদকসহ মোট ছয়জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসান।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে প্রতিমন্ত্রী মীর শাহ আলম ও বাদীর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম ও মন্তব্য ছড়ানোর অভিযোগও আনা হয়।
আদালত প্রাথমিক শুনানি শেষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং পরে পুলিশ সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা রেকর্ড করে।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্তের অংশ হিসেবে গাজীপুরে অভিযান চালিয়ে রেজানুর ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।