জাতীয়
আইসিজের রায়ে সন্তুষ্ট রোহিঙ্গারা, নিরাপদ পরিবেশে ফিরতে চান মিয়ানমারে
জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করা হলে নিজ দেশে ফিরে যেতে আগ্রহী বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে জড়ো হন হাজারো মানুষ। সকাল থেকেই ক্যাম্পের বিভিন্ন স্থানে টেলিভিশন ও বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পসহ বিভিন্ন আশ্রয়শিবিরে নারী, পুরুষ, শিশু ও বয়স্ক রোহিঙ্গারা একসঙ্গে বসে আদালতের রায়ের জন্য অপেক্ষা করেন। এ সময় অনেককে আবেগাপ্লুত হতে দেখা যায়। কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি, আবার কেউ দুহাত তুলে মোনাজাতে অংশ নেন।
রোহিঙ্গাদের প্রত্যাশা, দীর্ঘদিনের নির্যাতন ও গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরি হবে।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জুবায়ের বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে তারা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতন ও গণহত্যার স্বীকৃতি মিলেছে বলে তারা মনে করছেন। তবে তাদের মূল প্রত্যাশা নিজ দেশে ফিরে যাওয়া।
তিনি আরও বলেন, এখন তারা মিয়ানমারে ফিরে যেতে চান। সেখানে নিরাপদে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়া হলে তারা নিজেরাই ফিরে যাবেন। আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া মামলার রায় পড়া শুরু করেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকায় উখিয়ার ক্যাম্পগুলোতে বড় পর্দায় তা দেখতে রোহিঙ্গাদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, প্রায় এক দশক ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আইসিজের রায় নিয়ে তারা আশাবাদী। এই রায়ের ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করা হয়।
রোহিঙ্গাদের কাছে আইসিজের এই রায় কেবল একটি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত নয়। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানে স্বজন হারানো, বসতভিটা ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এবং দীর্ঘদিনের শরণার্থীজীবনের অবসানের প্রত্যাশার সঙ্গে এই রায় জড়িয়ে রয়েছে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, আইসিজের রায়কে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। রোহিঙ্গারা যেন শান্তিপূর্ণভাবে আদালতের কার্যক্রম দেখতে পারেন, সে বিষয়েও নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করেছে।