সারাদেশ

সড়কে গাছ ফেলে আ.লীগের ব্যারিকেডের দাবি বিএনপি নেতার, ওসি বলছেন প্রাকৃতিক দুর্যোগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

সড়কে গাছ ফেলে আ.লীগের ব্যারিকেডের দাবি বিএনপি নেতার, ওসি বলছেন প্রাকৃতিক দুর্যোগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর ভোর ৫টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক কলঘর এলাকায় এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রামমুখী লেনে প্রায় দেড় থেকে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের পাশের একটি বড় কড়ইগাছ কেটে সড়কে ফেলে রাখা হয়। এ সময় গাছটি চট্টগ্রামমুখী একটি তেলবাহী ট্যাংকারের ওপর পড়লে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে নেন।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুজ্জামান দাবি করেন, তাদের দলের নেতাকর্মীরা রাত ৩টা পর্যন্ত মহাসড়ক ও সরকারি বিভিন্ন স্থাপনা পাহারা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করেছেন। তারা ভোরে চলে যাওয়ার পর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈদ্যুতিক করাত দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে সড়কে ফেলে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

রফিকুজ্জামান আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা দ্রুত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ইফতেখার উদ্দিন বলেন, মহাসড়কে গাছ পড়ে থাকার খবর পেয়ে ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় গাছটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। গাছটির কারণে একটি তেলবাহী ট্যাংকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, মহাসড়কে গাছ কাটার কোনো ঘটনা ঘটেনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছটি ভেঙে সড়কে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি সরিয়ে নেওয়া হয়।