জাতীয়

শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পান, সে অনুযায়ী শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে হবে।

শুক্রবার ২০ নভেম্বর সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছেন, তা যেন কার্যকরভাবে দেশ, মানুষ ও তাদের নিজেদের জীবনে কাজে লাগে, তা নিশ্চিত করতে হবে। শিক্ষাব্যবস্থা থেকে প্রকৃত অর্থে প্রয়োজনীয় ও কার্যকর ফলাফল পাওয়ার জন্য এর আমূল পরিবর্তন জরুরি।

তিনি বলেন, দেশের প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা সাজাতে হবে। এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার্থীদের দক্ষ করে তুলবে এবং দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম করবে।

ঢাকা কলেজের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এই উপমহাদেশের অসংখ্য মানুষের শিক্ষাজীবনের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক রয়েছে। তৎকালীন বাংলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ঢাকা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, শুধু বর্তমান বাংলাদেশ নয়, পাকিস্তান আমল এবং ব্রিটিশ শাসনামলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। প্রশাসন, রাজনীতি ও শিক্ষাক্ষেত্রে এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। সে সময় কলেজে ছাত্ররাজনীতি ও সংগঠন কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তারপরও সেই পরিবেশে শিক্ষার্থীরা গোপনে ছাত্ররাজনীতি করেছেন, শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠন করার চেষ্টা করেছেন।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা কলেজ এ দেশ ও অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। এখান থেকে অনেক সৃজনশীল ও মেধাবী মানুষ বেরিয়ে এসেছেন, যারা দেশ পরিচালনায় ভূমিকা রেখেছেন। তাই সরকারে যারাই থাকুন না কেন, ঢাকা কলেজের উন্নয়নে কাজ করা উচিত।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার সুযোগ-সুবিধার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসব সমস্যা দ্রুত সমাধানের পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটিকে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের আন্দোলনে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছেন। এসব আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

আগামী দিনেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্মিলিতভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। আগুন সন্ত্রাস, মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করার মতো ঘটনা ঘটছে। মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। যে বাংলাদেশের জন্য মানুষ সংগ্রাম করেছে, সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে দ্রুত এগিয়ে যেতে হবে। এ অগ্রযাত্রার জন্য প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক একটি প্রজন্ম। এমন প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাদের দায়িত্ব শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণা, মননশীলতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ তৈরি করতে হবে।

ভাষা, কর্ম, ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বে অনেক পরিবর্তন এনেছে। এসব বিষয় এখন নতুন বাস্তবতা। তাই শিক্ষাব্যবস্থাকেও সময়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

নতুন প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থা সাজানোর ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ভাবতে হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির ব্যবস্থাকেও এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, যারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাদের সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এর মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

বর্তমান তরুণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা যে পরিবর্তন নিয়ে এসেছেন এবং যে আকাঙ্ক্ষা থেকে পরিবর্তন ঘটিয়েছেন, তার বাস্তব প্রতিফলন দেখতে চান তিনি।

এ সময় দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সাক্ষরতা বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তিনি। পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি ঢাকা কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের আরও দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন ও কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

ঢাকা কলেজ ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মীর সরাফত আলী সপু। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান।