সারাবিশ্ব
মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২
ভারতের পাঞ্জাবের অমৃতসরে মন্দিরে আটকে রেখে তফশিলি সম্প্রদায়ের দুই নারীকে ধর্ষণের অভিযোগে মন্দিরের প্রধান পুরোহিতসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার অন্য দুই অভিযুক্ত পালিয়ে গেছেন।
প্রতিবেদন অনুযায়ী, নির্যাতনের শিকার দুই নারী তাদের দুরবস্থার কথা জানিয়ে পাঞ্জাবের তফশিলি কমিশনের সদস্য তারসেম সিংকে চিঠি লেখেন। ওই অভিযোগের ভিত্তিতে অমৃতসরের লোপোকে থানার পুলিশ রামতীর্থ কমপ্লেক্সের গুরু জ্ঞান নাথ আশ্রম বাল্মীকি তীর্থে অভিযান চালায়।
অভিযানে মন্দির থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত গিরিধারি নাথ ও তার সহযোগী বারিন্দর নাথকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার অন্য দুই অভিযুক্ত নাছট্টর সিং ও সুরজ নাথ পালিয়ে যান।
স্থানীয় ডিএসপি প্রতাপ সিং জানান, তফশিলি কমিশনের সদস্য তারসেম সিং সায়ালকার অভিযোগের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালিয়েছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পলাতক অভিযুক্তদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।