রাজধানী

এইচএসসি পরীক্ষাকে ঘিরে ঢাকায় যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৪:৩০ এএম

এইচএসসি পরীক্ষাকে ঘিরে ঢাকায় যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা
ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো এবং যানজট এড়াতে রাজধানীজুড়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ঢাকা শহরের ৮৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রগুলোর আশপাশে ভিড় ও যানজট কমাতে কিছু সতর্কতা অবলম্বনের জন্য অভিভাবক, পরীক্ষার্থী এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।

ডিএমপির নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীরা যারা ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে আসবেন, তারা যেন পরীক্ষাকেন্দ্রের সামনে নামার পরিবর্তে কাছাকাছি অপেক্ষাকৃত কম ব্যস্ত এলাকায় নেমে হেঁটে কেন্দ্রে যান। একইভাবে, পরীক্ষা শেষে কেন্দ্রে ভিড় এড়াতে হেঁটে কিছুটা দূরে গিয়ে গাড়িতে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনো যানবাহন পার্ক না করতে বলা হয়েছে। কেউ এ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ডিএমপি।

অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, তারা যেন পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে দাঁড়িয়ে না থাকেন, কারণ এটি সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী যান চলাচলে বিঘ্ন ঘটানো অর্থদণ্ডযোগ্য অপরাধ।

পরীক্ষার্থীদের যাতায়াতে সুবিধার জন্য পরীক্ষার শুরু এক ঘণ্টা আগে থেকে এবং শেষের পর এক ঘণ্টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া অন্য যাত্রীদের চলাচল পরিহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে ডিএমপি সকলের সহযোগিতা কামনা করেছে।