রাজধানী

‘সারা রাত শহরের আবর্জনা পরিষ্কার করি, দুপুরের আগেই নোংরা হয়ে যায়’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম

‘সারা রাত শহরের আবর্জনা পরিষ্কার করি, দুপুরের আগেই নোংরা হয়ে যায়’
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, সারা রাত শহরের বর্জ্য অপসারণ করা হলেও নাগরিক অসচেতনতার কারণে দুপুরের আগেই রাজধানী আবার নোংরায় ভরে যায়।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর উত্তরা সেক্টর-১৮ এর রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সন্ধ্যামালতী খেলার মাঠে অনুষ্ঠিত ‘স্পোগোমি ওয়ার্ল্ড কাপ ২০২৫’-এর বাংলাদেশ কোয়ালিফায়ারের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “শহর পরিচ্ছন্ন রাখা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। আমরা চাই কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে সবাই এগিয়ে আসুক। ফুটপাত দখল করে বাজার বসানোসহ নানা অনিয়ম বর্জ্য ব্যবস্থাপনাকে জটিল করে তুলছে।”

এ প্রতিযোগিতায় ৭০টি দলের হয়ে ২১০ জন প্রতিযোগী অংশ নেন। তারা এক ঘণ্টা ধরে এলাকাজুড়ে ময়লা সংগ্রহ করেন এবং পরবর্তী ২০ মিনিটে ময়লাগুলো ক্যাটাগরি অনুযায়ী আলাদা করেন। প্রতিটি ক্যাটাগরির জন্য নির্দিষ্ট পয়েন্ট নির্ধারণ করা হয়—যেমন, প্রতি কেজি সিগারেটের প্যাকেটের জন্য ৩ হাজার পয়েন্ট, আর সিঙ্গেল-ইউজ পলিথিনের জন্য ১০ পয়েন্ট।

সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করে বিজয়ী হয়েছে টিম ইকো ফাইটার্স। দলের সদস্য মো. ইমরান হোসেন, মো. জুবায়ের শেখ ও মো. তানভীর—তিনজনই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

বিজয়ী দল আগামী অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় স্পোগোমি ওয়ার্ল্ড কাপ ২০২৫-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।