রাজধানী

মহাখালীর পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৯:০৭ পিএম

মহাখালীর পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর দুই মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, মহাখালী রাওয়া ক্লাবের পাশে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য বের হয়। পথে যানজটে আটকা পড়ে তারা। তবে ঘটনাস্থলে পৌঁছানোর দুই মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রোববার (১৭ আগস্ট) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে শুরু কাজ করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দিয়ে মোট ১০ ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।