রাজধানী

রাজধানীতে ঝটিকা মিছিল: সাবেক এমপি সাদ্দামসহ আ. লীগের আট নেতা-কর্মী গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

রাজধানীতে ঝটিকা মিছিল: সাবেক এমপি সাদ্দামসহ আ. লীগের আট নেতা-কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন (পাভেল) সহ দলের অঙ্গসংগঠনের আট নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন (৫০), পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন ওরফে অভি (২৯), বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম খোরশেদ আলম (৬৫), যুবলীগ নেতা মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩), বংশাল থানার আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন ওরফে বাবলু (৬১), উত্তরা যুবলীগ নেতা আল মামুন ভূঁইয়া (২৯), যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. কায়কোবাদ ওসমানী (৫৩) এবং মুন্সিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন (৬০)।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন শুধু ঝটিকা মিছিলেই অংশ নিতেন না, বরং নাশকতার পরিকল্পনা ও অর্থের জোগানও দিতেন। তাঁদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এরা সংঘবদ্ধভাবে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল এবং ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল।