রাজধানী

মন্দিরে ডিউটিরত পুলিশের ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও বরখাস্ত ৭


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

মন্দিরে ডিউটিরত পুলিশের ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও বরখাস্ত ৭
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশের ব্যাগ থেকে ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে এবং ৭ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদ নিশ্চিত করেছেন, ডিউটিতে চরম অবহেলার অভিযোগে বাড্ডা থানার এসআই মোবাশ্বির, একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওসিকেও দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র বলছে, কালী মন্দিরের ভেতরে নির্মাণাধীন একটি ভবনের দোতলায় ডিউটিরত চার পুলিশ ও তিন আনসার সদস্য রাতের বেলায় ঘুমিয়ে ছিলেন। সেই সময় আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে তাদের চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল ফোন চুরি হয়। ব্যাগগুলোর একটিতে ছিল ৩০ রাউন্ড শটগানের গুলি।

ঘটনার পর সকাল পৌনে ১০টার দিকে মন্দিরসংলগ্ন একটি পতিত জায়গা থেকে চুরি হওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে থাকা গুলিগুলো অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে কীভাবে মন্দিরের ভেতরেই পুলিশি নিরাপত্তার মধ্য থেকে এই চুরি ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

ডিসি তারেক মাহমুদ বলেন, “চুরি হওয়া গুলি ও মালামাল উদ্ধার করা গেলেও এটা দায়িত্বে চরম গাফিলতি। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”