রাজধানী
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরির ঘটনায় বরখাস্ত আনসার সদস্য
শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে এক আনসার সদস্যকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোড়া কার্গো ভিলেজ এলাকায় দায়িত্ব পালনকালে চুরির ঘটনায় হাতেনাতে ধরা পড়েন ওই সদস্য।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর রাতে নাইট শিফটে (রাত ১০টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট) দায়িত্বে ছিলেন আনসার সদস্য জেনারুল ইসলাম। দায়িত্বপালনের সময় তিনি ‘ব্যক্তিগত প্রয়োজনের কথা’ বলে পোড়া ভবনের ভেতরে প্রবেশ করে ভস্মীভূত দ্রব্যাদি থেকে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত অন্য সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
ঘটনার গুরুত্ব ও বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তদন্ত শেষে বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে জেনারুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।
আনসার বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এত দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাহিনীর সদস্যদের মধ্যে অনৈতিক আচরণের প্রবণতা হ্রাস ও শৃঙ্খলা রক্ষার দৃষ্টান্ত স্থাপন করা হলো।”
এর আগে, ২ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্ট্রংরুমের ভল্ট থেকে সাতটি আগ্নেয়াস্ত্র চুরি হওয়ার ঘটনাও আলোচনায় আসে। ওই ঘটনার পর থেকেই কার্গো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং অনৈতিক কর্মকাণ্ড দমনে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।