রাজধানী

রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এসব প্লাটুন মাঠে নামানো হয়েছে।

অন্যদিকে, কার্যক্রম স্থগিত থাকায় আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ বক্তব্য দেন। বৈঠকে তিনি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় দুই পক্ষের মধ্যে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন।