রাজধানী

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৭ পিএম

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের দীর্ঘ পরিশ্রমের পর। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে শুরু হওয়া আগুন রাত ১০টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করেছে। তবে বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে কর্মীদের জন্য আগুন নেভানো সহজ হয়নি। এটি তাদের জন্য এক চরম চ্যালেঞ্জ ছিল।”

কর্মকর্তারা জানান, আগুনটি ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আগুনের সঠিক কারণ সম্পর্কেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।