রাজধানী
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
রাজধানী ঢাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপট। শুক্রবার ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় পুরো শহর। শীত ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা।
ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম থাকলেও প্রয়োজনের তাগিদে বাইরে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীতের তীব্রতা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বজায় থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।