রাজধানী

দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজধানী, তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম

দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজধানী, তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সকাল থেকেই মাঝারি থেকে ঘন কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সোমবার (৫ জানুয়ারি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে জানায়, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।