রাজধানী

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, বিশেষ করে শেষরাত থেকে সকাল পর্যন্ত।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া শুষ্ক থাকায় দিনের বেলায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হলেও সকাল ও রাতে শীতের আমেজ বজায় থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।