রাজধানী
জামায়াত সদস্যের বাড়িতে অভিযানে ক্রিকেটের ১৫২টি স্ট্যাম্প উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াতে ইসলামীর এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানা পুলিশ একটি ১০তলা ভবনে অভিযান পরিচালনা করে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে ভবনের নিচতলা ও ওপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় ভরা বিপুলসংখ্যক ক্রিকেট স্ট্যাম্প জব্দ করা হয়।
অভিযান শেষে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোট ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিককে সতর্ক করা হয়েছে। তবে অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
কাউকে আটক না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। তাঁদের অভিযোগ, এমন একটি ঘটনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।
উল্লেখ্য, ১০তলা এই ভবনটিতেই কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত, যা একটি নির্ধারিত ভোটকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। নির্বাচনের প্রাক্কালে এমন একটি স্থানে অভিযান ও বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধারের ঘটনা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।