রাজধানী
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও সায়েন্সল্যাবে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সায়েন্সল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উলটে চালক ও এক যাত্রীসহ প্রাণ গেছে দুজনের।
শুক্রবার (০৬ মার্চ) রাতে ঈদের শপিং শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনাগুলো ঘটে।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, সাইন্সল্যাবের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে ও তেজগাঁও বিজি প্রেসের সামনে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা যাত্রীসহ চালক নিহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পৃথক সময়ে তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে, তারা যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে।