রাজধানী
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার চালকসহ এক যাত্রী মারা গেছে। মৃত রিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০)। তিনি কদমতলির মুরাদপুর এলাকায় থাকতেন। যাত্রীর পরিচয় সনাক্ত হয়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
আজ শনিবার (০৪ এপ্রিল) রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাদের দু'জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. খাইরুল ইসলাম জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাচা বাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। তখন উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছে। এর আনুমানিক ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি ব্যাটারি চালিত রিকশার উপর দিয়ে উঠিয়ে দেয় ওই ট্রাক। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করেন আর আটক করেন ট্রাকটির চালাককে। এরপর ওই দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।
এদিকে যাত্রাবাড়ী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।