রাজধানী

ঢাকার ডিসি-এসপি পদে এখন নারী নেতৃত্ব 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০১:১১ পিএম

ঢাকার ডিসি-এসপি পদে এখন নারী নেতৃত্ব 
ছবিঃ সংগৃহিত

ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো নারী নেতৃত্বে আসছেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম ও পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শামীমা পারভীন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুলের সহধর্মিণী। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খুলনা-৩ আসন থেকে জয়ী হন বকুল। এর আগে গত ২২ এপ্রিল ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পান ফরিদা খানম।  

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামীমা পারভীন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।

পুলিশ সুপার শামীমা পারভীন নড়াইল জেলার সন্তান। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের (আইএডব্লিউপি) সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২২ দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্বও সামলেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অপরদিকে ঢাকা জেলার নব-যোগদানকৃত ডিসি মোছাঃ ফরিদা খানম। গত বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান তিনি। 

ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি প্রথম নারী জেলা প্রশাসক হয়ে চট্টগ্রামে গিয়েছিলেন। ঠিক এবারও  ঢাকার জেলা প্রশাসক পদে প্রথম নারী হিসেবে যোগ দিয়েছেন তিনি।  

ফরিদা খানম গোপালগঞ্জ সদর উপজেলার এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. মতিউর রহমান জাফরিন ছিলেন শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ এবং মা রিজিয়া বেগম গৃহিণী। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (১৯৯২) ও এইচএসসি (১৯৯৪) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ২০০৬ সালের ২১ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। চাকরি জীবনে রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।