রাজধানী

রাজধানীর আদাবরে কব্জি কাটা গ্রুপের আবু সাঈদসহ গ্রেপ্তার ৫  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:০৭ এএম

রাজধানীর আদাবরে কব্জি কাটা গ্রুপের আবু সাঈদসহ গ্রেপ্তার ৫  
ছবিঃ সংগৃহীত

রাজধানীর আদাবরে বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনায় কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ (৩৩) পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

গতকাল মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাবের-২ এর একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন- রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তৌসিফ (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)।


আজ বুধবার (১৭ জুন) ভোরে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম বলেন, কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। কব্জি কাটা আনোয়ার গ্রুপের আরও সদস্যকে ধরতে এবং অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার আদাবরে বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে কুপিয়ে তার কাছে থাকা তিন লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে বিকাশ দোকানদার শফিকুলকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী শফিকুল দোকান খুলে বসা মাত্রই চার থেকে পাঁচজন চাপাতি হাতে দোকানে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতে কোপ দিয়ে টাকা ও বিকাশ করার মোবাইল নিয়ে যায়।

এই ঘটনায় মঙ্গলবার বিকালে আসামিদের ধরতে মোহাম্মদপুরের তুরাগ হাউজিংয়ে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কব্জি কাটা আনোয়ার গ্রুপের টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় মোহাম্মদপুর থানার ওসি ও এসআইয়ের ওপর চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়। 

পুলিশ আত্মরক্ষায় চার রাউন্ড গুলি ছোড়ে। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ চারজনকে আটক করে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হাতুড়ি উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদাবরে ছিনতাই, লুটপাট এখন নিয়মিত ঘটনা। সোমবার রাতেও আদাবর ১০ নম্বর বালুর মাঠে কয়েকটি গ্যারেজে লুটপাট চালানো হয়েছে। আর সকালে একই এলাকায় অস্ত্র হাতে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

কব্জি কাটা গ্যাংটি আদাবর ১০, ১৭, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং এবং মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা হাউজিংসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত রয়েছে।