রাজধানী

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে মিলল বোমা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে মিলল বোমা
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে, যখন স্টেশনের নিচ থেকে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল দল অন্তত দুটি বোমা সদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম। তিনি জানান, রাত ৭টার পর স্টেশনের নিচে বোমা থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানা পুলিশ ও বিশেষায়িত বোম্ব নিষ্ক্রিয়করণ দল পৌঁছে যায়। এখন পর্যন্ত দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে এবং আরও সন্দেহজনক বস্তু শনাক্তে অভিযান চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সন্ধ্যার পর অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা এসব বোমা সদৃশ বস্তু সেখানে রেখে যায়। প্রাথমিকভাবে এগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও নিষ্ক্রিয় করা বস্তুগুলোর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে এবং এতে শক্তিশালী বিস্ফোরক থাকার প্রমাণ মিলেছে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।