অর্থনীতি

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:০৬ এএম

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইতিবাচক মন্তব্য করেছে। সংস্থাটি বলেছে, রিজার্ভ বৃদ্ধির এ ধারা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এটি আইএমএফ-সমর্থিত কর্মসূচির অন্যতম মূল লক্ষ্যকে প্রতিফলিত করে।

শুক্রবার (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং এ মন্তব্য করেন।

তিনি বলেন, “রিজার্ভের সঞ্চয়কে আমরা বাংলাদেশে চলমান আইএমএফ কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করি। দেশটি এখনও পেমেন্ট ভারসাম্যের কিছু চাপে রয়েছে, তাই রিজার্ভ বৃদ্ধির এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়।”

থমাস হেলব্লিং আরও বলেন, “পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাসে রিজার্ভ শক্তিশালী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছে, তা সঠিক দিকেই এগোচ্ছে।” তিনি বাংলাদেশ ব্যাংকের এই সাফল্যকে বিশেষভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি জানান, ৫.৫ বিলিয়ন ডলারের আইএমএফ ঋণ কর্মসূচির পঞ্চম পর্যালোচনার জন্য সংস্থাটির একটি প্রতিনিধি দল চলতি মাসেই বাংলাদেশ সফর করবে। তারা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে অগ্রগতি মূল্যায়ন করবে। পাশাপাশি রিজার্ভ সঞ্চয় এবং বিনিময় হার সংক্রান্ত নীতিমালা আইএমএফের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটিও যাচাই করা হবে বলে জানান তিনি।

আইএমএফের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময় ছিল ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রিজার্ভে প্রায় ৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি ঘটেছে।

বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ বৃদ্ধির এই ধারা দেশের আমদানি ব্যয় নির্বাহ ও বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়ক হবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।