অর্থনীতি

অক্টোবরের ২৯ দিনে রেমিট্যান্স ২৪৩ কোটি ডলার, গত বছরের তুলনায় বেড়েছে ১৪ শতাংশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম

অক্টোবরের ২৯ দিনে রেমিট্যান্স ২৪৩ কোটি ডলার, গত বছরের তুলনায় বেড়েছে ১৪ শতাংশ
ছবি: সংগৃহীত

চলতি অক্টোবর মাসের প্রথম ২৯ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে নতুন গতি এসেছে। এ সময়ে দেশে এসেছে ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স- যা গড়ে প্রতিদিন প্রায় ৮ কোটি ৩৮ লাখ ডলার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “অক্টোবরের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২২০ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।”

ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর একদিনেই দেশে এসেছে ৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের (জুলাই–অক্টোবর) প্রথম চার মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৫০ শতাংশ বেশি।

এর আগে গত সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকারি প্রণোদনা, হুন্ডি রোধে নজরদারি এবং ব্যাংকিং চ্যানেল ব্যবহারে প্রবাসীদের উৎসাহ দেওয়ার ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স বৃদ্ধির এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে এবং টাকার ওপর চাপ কিছুটা কমবে।