অর্থনীতি
আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়
আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার যে প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “আগামী সরকারের মন্ত্রীদের জন্য অর্থ মন্ত্রণালয় গাড়ি কিনছে—এমন খবর সঠিক নয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গাড়ি কেনার প্রস্তাব এসেছিল, তবে সেটি বাতিল করা হয়েছে।”
তিনি আরও জানান, আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি গাড়ি সরকার জব্দ করেছে। প্রতিটি গাড়ির দাম প্রায় ৫ কোটি টাকা। নির্বাচনের সময় এসব গাড়ি ব্যবহার করা হবে।
এ ছাড়া তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে জাপান বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ জনবল নেবে। সম্প্রতি জাপান সফরে গিয়ে বিষয়টি নিয়ে দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। তবে এজন্য জাপানি ভাষা শেখা বাধ্যতামূলক হবে।